[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্ত্রীর ঘুমে ব্যাঘাত হওয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১৮:০৬

ফাইল ছবি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বড় ভাইয়ের দা’র কোপে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল (৩৫) গোয়ালগাঁও গ্রামের মৃত রাজামিয়ার ছেলে। অভিযুক্ত মো. মোরশেদ (৪০) নিহতের আপন বড় ভাই। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত মোরশেদের স্ত্রী স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন। বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। এ সময় ঘরের পাশে শিশুদের হইচই শুনে মোরশেদ বাইরে এসে তাদের বকা দেন। বিষয়টি নিয়ে ছোট ভাই ফয়সাল বড় ভাইকে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তারা বাড়ি থেকে বের হয়ে যান।

দুপুর দেড়টার দিকে দুই ভাই আবার বাড়িতে ফিরে ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোরশেদ ঘর থেকে দা এনে ছোট ভাই ফয়সালকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর