ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক আবারও বিতর্কে জড়িয়েছেন। এবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন এম এ খালেক।
বক্তব্যে তিনি বলেন, “অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার-আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।”
এ বক্তব্যের পরপরই অনুষ্ঠানস্থলে শোরগোল ও কানাঘুষা শুরু হয়। উপস্থিত অনেকেই এটিকে ‘অযোগ্যতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাওলানা বলেন, “মানুষকে নবীর সঙ্গে তুলনা করা শিরকের শামিল। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।”
এদিকে, খালেকের এমন মন্তব্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। দলটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তার বেফাঁস বক্তব্য ও কর্মকাণ্ডে বিএনপি বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। এসব বক্তব্যের দায় দল নেবে না বলেও মন্তব্য করেন তারা।
এর আগে গত ১৬ এপ্রিল ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন এম এ খালেক। বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রপ্রধান বা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে প্রচলিত এ আনুষ্ঠানিকতা শিক্ষার্থীদের দিয়ে করানোয় জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এছাড়া গত বছরের ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ভুলক্রমে বিএনপিকে ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দল’ বলে উল্লেখ করেন। পরে সেটিকে ‘স্লিপ অব টাং’ দাবি করে দুঃখ প্রকাশ করেন এম এ খালেক।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: