[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

শিবগঞ্জে মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করেছেন এমপি ড. কেরামত আলী

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১১:৪৯

ছবি-আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের চকঘোড়াপাখিয়া এলাকায় শফি আব্দুস সাত্তার মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

বিশিষ্ট সমাজসেবক মো. জিন্নুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাদিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সত্বাধিকারী মো নজরুল ইসলাম, সত্রাজিপুর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম বাদল, ইউনিয়ন সেক্রেটারি আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. কেরামত আলী বলেন, নারী শিক্ষার বিকাশ এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মহিলা হাফেজিয়া মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, কোরআনের শিক্ষা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। তাই নতুন প্রজন্মকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, কোরআনের হাফেজ ও হাফেজারা জাতির গর্ব। তাদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। মাদ্রাসাটির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর