[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

বিএনপিকে পাত্তা না দিলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা: নারী এমপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১০:০৫

সংগৃহিত ছবি

কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার দলের নেতাকর্মীরা বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুমারখালীর ডাকবাংলোয় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, “আমার নেতাকর্মী বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এটা আমি সহ্য করবো না। প্রশাসনের কেউ যদি বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করে বা পাত্তা না দেয়, তাহলে তাকে এখানে রাখা হবে না। প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “প্রশাসনকে আমরা বলবো না যে তারা কারও পক্ষে কাজ করুক। তারা জনগণের জন্য কাজ করবে, জনগণের ভালো-মন্দ দেখবে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করলে সেটা মেনে নেওয়া হবে না।”

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার নেতাকর্মীরা ২০ বছর নির্যাতিত হয়েছে। এখন আবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেন হবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ। সেই আওয়ামী লীগকে কেন মাথায় তুলে নাচবেন? এটা হতে দেওয়া হবে না।”

বিরোধী রাজনৈতিক পক্ষের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা বিরোধী দলে থেকেও রাজনীতি করার সুযোগ পাইনি। আর এখন আপনারা শান্তিতে আছেন, সেটাই অনেক। আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না।”

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর