[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে বিদ্যুতের সঞ্চালন টাওয়ারে যুবক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১২:৩৩

সংগৃহিত ছবি

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। দীর্ঘ প্রায় পৌনে ৩ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা চালানো ওই যুবকের নাম আসাদুজ্জামান (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দাবির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আসাদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর বাগবিতণ্ডা হয়। এর জেরে অভিমান করে তিনি বাড়ির পাশের প্রায় ১০ তলা ভবনের সমান উচ্চতার বিদ্যুতের সঞ্চালন টাওয়ারে উঠে পড়েন।

স্থানীয়রা টাওয়ারের ওপর তাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগের সহায়তায় সঞ্চালন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, যুবকটি অত্যন্ত আবেগতাড়িত হয়ে টাওয়ারের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতাতেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর