চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী শিশু ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাছির উদ্দীন নাছির। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
ত্রাণ বিতরণ শেষে নাছির উদ্দীন নাছির বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে।"
তিনি জানান, কর্মসূচির প্রথম দিনেই ৫০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত ছাত্রদলের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আল মামুন সাদ্দাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ এবং যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহেদ সুমন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: