ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, দুই পক্ষের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দিয়েছে। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
প্রশাসনের মতে, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, বিকট শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: