[email protected] শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

জোর গলায় বলছি, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১৮:১৪

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। হামলার সময় তার এক ছোট ভাই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরের আমলা সরকারি কলেজ আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে উত্তম-মধ্যম দিয়েছে। আমি জোর গলায় বলতে পারি, আমারই এক ছোট ভাই সেখানে ছিল। সে (পাটওয়ারী) বেয়াদব। তাকে মারার প্রয়োজন ছিল বলেই তাকে মেরেছে।’

তিনি আরও বলেন, ‘তাকে জনসাধারণও মেরেছে, সেখানকার দোকানদারও মেরেছে তার মুখের ভাষার কারণে।’
এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, ‘তারা বাংলাদেশের রাজনীতিতে কখনো উজ্জ্বল নক্ষত্র হতে পারবে না। বরং ইতিহাসে তারা “কীটপতঙ্গ” হিসেবে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

আমলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আলম চাঁদের সভাপতিত্বে এবং ইস্তিয়ার আহমেদ রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, আমলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মামুনুর রশীদ সিদ্দিকী এবং মো. নাহিদুল ইসলাম সোহান।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনার পর মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর