শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
রাশেদ খাঁন বলেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন রাজপথে কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশিবির ও এনসিপিও ছিল।
তিনি বলেন, ‘আবরার ফাহাদের খুনিদের আইনজীবী ছিলেন শিশির মনির। তিনি একজন পরিচিত আইনজীবী এবং জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ছিলেন। জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় তিনি অংশ নেন এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বৈঠকেও তাকে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়।’
শিবিরের কর্মসূচি প্রসঙ্গে রাশেদ খাঁন প্রশ্ন তুলে বলেন, ‘জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হন, তখন শিবির কোন লজ্জায় রাজপথে কর্মসূচি করে, সেই প্রশ্ন আমি শিবিরের কাছে রেখে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘শিশির মনির যখন আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হলেন, তখন জামায়াত এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছিল? নাকি জামায়াতের কাজই এমন—একদিকে খুনিদের পক্ষে অবস্থান নেওয়া, অন্যদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করা?’
রাশেদ খাঁন বলেন, ‘এ ধরনের দ্বিচারী রাজনীতি জামায়াত-শিবিরে রয়েছে। আবরার ফাহাদের পরিবারের উদ্দেশে বলতে চাই, জামায়াত ও শিবির যদি আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার না করে, তাহলে ভবিষ্যতে আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে জামায়াত-শিবিরের আয়োজিত কোনো কর্মসূচিতে নৈতিকভাবে অংশ নেওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘একদিকে শিশির মনির খুনিদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন, অন্যদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে কর্মসূচি আয়োজন করছেন। এ ধরনের দ্বিচারী রাজনীতি জামায়াত-শিবির বহু করেছে। অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে শিশির মনিরদের রাজনীতিতে কোনো সুযোগ থাকা উচিত নয়।’
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: