ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, পুলিশের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই। হয় তিনি পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথবা ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করছেন না। এমনকি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার এবং পরবর্তী পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাদ্দাম বলেন, পুলিশ দিনভর গ্রেপ্তার করলেও রাতে আসামিদের ছেড়ে দিচ্ছে। এমনকি থানায় আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের সঙ্গে কোলাকুলি করেছেন এবং তাদের সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি বলেন, দেশের মানুষ বর্তমানে ভীতসন্ত্রস্ত এবং জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দিলে ভবিষ্যতে সৃষ্ট পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। সাদ্দাম বলেন, নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল তা নেয়নি। প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানালেও পরবর্তী সময়ে সেই রায়কে গুরুত্ব দেওয়া হয়নি। এর মাধ্যমে দেশের ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
আন্দোলনের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। সরকার দাবি মেনে না নিলে অবরোধ, হরতাল, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়া, গণহত্যার বিচারে গড়িমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার বিষয়েও সরকারের সমালোচনা করেন সাদ্দাম। তাঁর দাবি, প্রশাসন ঢেলে সাজানো না হওয়ায় আওয়ামী লীগ সরকারের সময়ের সহযোগীরা এখনো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন।
বিরোধী দলের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, অন্ধভাবে সবকিছুর বিরোধিতা করা দেশের জন্য কল্যাণকর নয়। জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দল সর্বোচ্চ ভেটো দেবে। তবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, বই, কলম, টেবিল ক্যালেন্ডার, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: