দেশের সরকারি ৯টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি কলেজে অধ্যক্ষ, দুটি কলেজে উপাধ্যক্ষ এবং একটি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ—উভয় পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।
রাজধানীর পল্লবী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তার। বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক ড. ফোরকান মিয়া।
এছাড়া মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজির অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন বাংলার অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।
টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক পারভীন আক্তার। রংপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক মো. শাহজাহান নাসির।
অন্যদিকে উপাধ্যক্ষ পদে টাঙ্গাইলের সরকারি সাদত কলেজে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানী। টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইন।
প্রজ্ঞাপনে নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী বুধবারের (২০ মে) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: