বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাইদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব পরীক্ষার্থী এ সিদ্ধান্তের আওতায় থাকবেন।
বোর্ড সূত্রে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: