সহজে রান্না করা যায় এবং স্বাদেও বেশ জনপ্রিয়—এমন খাবারের তালিকায় নুডলসের অবস্থান বেশ ওপরে। নুডলসপ্রেমীদের জন্য আজ ৬ অক্টোবর বিশেষ একটি দিন। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘নুডলস দিবস’।
নুডলস পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অল্প সময়ে সহজেই রান্না করা যায় বলে বিশ্বের প্রায় সব দেশেই খাবারটি বেশ পরিচিত। বাংলাদেশেও গত কয়েক দশকে নুডলসের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বর্তমানে দেশে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায়। দ্রুত রান্না করা যায় বলে ব্যস্ত জীবনে এটি অনেকের কাছেই সহজ ও পছন্দের খাবারে পরিণত হয়েছে। দেশের দ্রুত বিকশিত ভোগ্যপণ্যের বাজারেও নুডলসের চাহিদা ক্রমেই বাড়ছে।
তবে ৬ অক্টোবর থেকে নুডলস দিবস পালন শুরু হওয়ার সঠিক সময় বা এর উদ্যোক্তা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।
ইতিহাস ঘেঁটে জানা যায়, নুডলসের উৎপত্তি অন্তত দুই হাজার বছর আগে। এমনকি এর ইতিহাস আরও পুরোনো হতে পারে বলে ধারণা করা হয়। ঐতিহাসিক নথিতে নুডলসের প্রথম উল্লেখ পাওয়া যায় চীনের ইস্টার্ন হান সাম্রাজ্যের (২৫–২২০ খ্রিস্টাব্দ) সময়কার একটি গ্রন্থে।
সে সময় খামির ছাড়া মণ্ড তৈরি করে বিভিন্ন পদ্ধতিতে নুডলস রান্না করা হতো। এরপর সময়ের সঙ্গে বদলেছে নুডলস তৈরির পদ্ধতি, উপকরণ ও পরিবেশনের ধরন। বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হয়েছে নানা স্বাদের নুডলস।
তবে এত পরিবর্তনের পরও একটি বিষয় একই রয়ে গেছে—নুডলসের জনপ্রিয়তা ও স্বাদ। তাই নুডলসপ্রেমীদের কাছে দিনটি হতে পারে পছন্দের খাবারটি উপভোগ করার আরেকটি উপলক্ষ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: