আকাশে একটি নয়, বরং দুটি উজ্জ্বল সূর্য দেখা গেছে—এমনই এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হয়েছেন রাশিয়ার সাকহালিন দ্বীপের বাসিন্দারা। বিরল এই দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
তবে বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়। প্রকৃতপক্ষে এটি প্রকৃতির এক চমৎকার দৃষ্টিবিভ্রম, যার বৈজ্ঞানিক নাম ‘সান ডগ’। একে অনেক সময় ‘মক সান’ বা ‘পারহেলিয়া’ নামেও ডাকা হয়।
বিশেষজ্ঞদের মতে, সান ডগ মূলত একটি অপ্টিক্যাল ইলিউশন। সাকহালিন দ্বীপে তীব্র শীতের কারণে বায়ুমণ্ডলে অতি ক্ষুদ্র বরফের স্ফটিক তৈরি হয়। বর্তমানে দ্বীপটির তাপমাত্রা মাইনাস ১৪ থেকে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।
যখন সূর্যের আলো এই ভাসমান বরফের স্ফটিকের মধ্য দিয়ে প্রবেশ করে, তখন তা প্রতিসরিত হয়ে মূল সূর্যের পাশে আরও একটি বা দুটি উজ্জ্বল আলোর ছায়া তৈরি করে। ফলে খালি চোখে আকাশে একাধিক সূর্য দেখা যাচ্ছে বলে মনে হয়।
বিজ্ঞানীদের ভাষায়, সাকহালিন দ্বীপের হাড়কাঁপানো শীতই এই বিরল দৃশ্যের নেপথ্যে মূল ভূমিকা রেখেছে। বাস্তবে আকাশে সূর্য ছিল একটি মাত্র, বাকি উজ্জ্বলতাগুলো ছিল সূর্যালোকের প্রতিফলন ও প্রতিসরণের ফল।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: