দুই দফা মার্কিন-ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য আলোচনা নিয়ে খবরের প্রেক্ষিতে তেহরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা কোনো সংলাপে যাচ্ছে না।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসছে না ইরান। তার ভাষ্য, দেশটি এখন কেবল আত্মরক্ষায় মনোযোগী। তিনি আরও দাবি করেন, চলমান এই সংঘাত ইরানের সশস্ত্র বাহিনী শুরু করেনি।
গত কয়েক দিন ধরে ইরানের শীর্ষ পর্যায়ের বক্তব্যেও একই সুর শোনা যাচ্ছে। তেহরান নিজেদের অবস্থানকে প্রতিরক্ষামূলক হিসেবে তুলে ধরছে এবং হামলার দায় প্রতিপক্ষের ওপর চাপাচ্ছে।
কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র Al Jazeera-কে জানান, ইরান ইতোমধ্যে দুবার কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ দিয়েছিল। প্রথমবার ২০২৫ সালের আলোচনার সময়, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বাধাগ্রস্ত হয় বলে দাবি করা হয়।
দ্বিতীয়বারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে বলে জানায় তেহরান। ইরান যখন যুক্তরাষ্ট্র ও IAEA-এর সঙ্গে নতুন দুই দফা আলোচনার অপেক্ষায় ছিল, তখনই দেশটি আবার হামলার শিকার হয় বলে অভিযোগ করা হয়।
এই পরিস্থিতিতে কূটনৈতিক অচলাবস্থার অবসান আদৌ সম্ভব কি না—তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। আপাতত ইরান স্পষ্ট করেছে, আলোচনার টেবিল নয়, এখন তাদের অগ্রাধিকার আত্মরক্ষা।
সূত্র: আল জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: