যুক্তরাষ্ট্রে ৫০ বছর পর প্রথম নতুন তেল শোধনাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট অব ব্রাউনসভিলে ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ নামে এই বিশাল প্রকল্পটি শুরু হতে যাচ্ছে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তার প্রশাসনের সহজতর অনুমতি প্রক্রিয়া এবং ট্যাক্স নীতি এই বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হয়েছে। ভারতের শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান রিলায়েন্স এই প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করবে।
‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ শোধনাগারটি প্রতিদিন এক লাখ ৬৮ হাজার ব্যারেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন হবে। প্রতিষ্ঠানটির দাবি, এটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩০০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে। অর্ধশতাব্দীর মধ্যে এটি যুক্তরাষ্ট্রে বিশেষভাবে আমেরিকান শেল অয়েলের জন্য তৈরি প্রথম শোধনাগার হবে।
বিশেষজ্ঞদের মতে, ব্রাউনসভিল অঞ্চলে স্থানীয়ভাবে তেলের বিশাল চাহিদা নেই। পাইপলাইনের মাধ্যমে অন্য এলাকায় তেল সরবরাহের সুবিধাও সীমিত, তাই এটি মূলত রপ্তানি-ভিত্তিক শোধনাগার হতে পারে। রিলায়েন্সের সঙ্গে ২০ বছর মেয়াদী চুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্য ক্রয় করা হবে।
উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলের পূর্বের শোধনাগারগুলো ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম হলেও, নতুন এই শোধনাগার হালকা শেল অয়েলের জন্য উপযোগী। ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি দুটি বড় শোধনাগার বন্ধ হওয়ায় মার্কিন জ্বালানি বাজারে এই প্রকল্পের প্রভাব নজর কাড়ছে।
সূত্র: রয়টার্স
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: