ইসরায়েলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, যুদ্ধ চলাকালে আলোচনা মানে আত্মসমর্পণ—এ অবস্থায় তারা ‘কোনো সীমা ছাড়াই’ লড়াই চালিয়ে যাবে।
টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে কাসেম বলেন, ইসরায়েলের হামলার মুখে বসে আলোচনায় যাওয়া মানে চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া। তাই বর্তমান পরিস্থিতিতে সংলাপের কোনো সুযোগ নেই। তিনি সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি লেবানন সরকারের প্রতি হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান।
এদিকে সীমান্তজুড়ে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, বিস্ফোরণ ও শার্পনেলের আঘাতে তারা আহত হন। এর আগে শহরটির দিকে রকেট নিক্ষেপের দাবি করে হিজবুল্লাহ।
অন্যদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আকাশে বিস্ফোরিত একটি ক্ষেপণাস্ত্র ছিল ইরানের নিক্ষেপ করা কাদের-১১০ ব্যালিস্টিক মিসাইল। এটি অনেক উচ্চতায় বিস্ফোরিত হওয়ায় ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তু ছিল লেবাননের বাইরে কোথাও। সেনাবাহিনীর মতে, প্রযুক্তিগত ত্রুটি অথবা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: