তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। প্রবল বৃষ্টির মধ্যেও প্রায় এক হাজার মানুষ এ সমাবেশে অংশ নেন।
মধ্য ইস্তাম্বুলে আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইরান, লেবানন ও ফিলিস্তিনে চলমান সংঘাতের প্রতিবাদ জানান। সমাবেশে ‘প্রতিরোধ গড়ো, গাজা জিতবে’ এবং ‘মুসলমানরা অন্যায়ের কাছে মাথা নত করে না’—এমন স্লোগান শোনা যায়। একইসঙ্গে ‘খুনি ইসরাইল, খুনি যুক্তরাষ্ট্র’ লেখা প্ল্যাকার্ডও বহন করেন তারা।
বিক্ষোভটি আয়োজন করে কয়েকটি ধর্মভিত্তিক রক্ষণশীল এনজিও। অংশগ্রহণকারীরা আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া মেহমেত ইয়িলমাজ বলেন, “আমরা বিশ্বের সব নিপীড়িত মানুষের জন্য এখানে—লেবানন, ইরান, ফিলিস্তিন। গতকাল ভেনেজুয়েলা ছিল, আগামীকাল হয়তো কিউবা হবে।”
আরেক বিক্ষোভকারী একরাম সায়লান অ্যাসোসিয়েটেড প্রেস-কে বলেন, ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পরও আয়রন ডোম সুরক্ষার দাবি সত্ত্বেও সাইরেন বাজার সঙ্গে সঙ্গে ইসরাইলিরা আশ্রয়ে ছুটে যায়।
তিনি আরও দাবি করেন, ইরানিরা রাস্তায় নেমে পরিস্থিতির মোকাবিলা করে, যা তাদের বিশ্বাস ও মানসিকতার প্রতিফলন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ঘিরে এ ধরনের বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: