সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করার সময় সেটির অবশিষ্টাংশ নিচে থাকা একটি খামারে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের তথ্যমতে, ফুজাইরাহর আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারে ঘটনাটি ঘটে। দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি অনুপ্রবেশকারী ড্রোন সফলভাবে ধ্বংস করলেও এর ভারী ধ্বংসাবশেষ সরাসরি খামারে কর্মরত শ্রমিকের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। মরদেহটি স্থানীয় একটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং ড্রোনটির উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুবাইসহ উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট নিহতের পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: