ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগর অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪। এ ঘটনায় ইন্দোনেশিয়াসহ Philippines ও Malaysia-এর বিস্তীর্ণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র Ternate শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে Japan, Taiwan, Papua New Guinea ও Guam-এর উপকূলে সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর আবহাওয়া সংস্থাগুলো।
বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানিয়েছে, উত্তর সুলাওয়েসি প্রদেশের Manado শহরে দীর্ঘ সময় ধরে কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘুমন্ত মানুষজন ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় Indonesia ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ফলে সেখানে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।
উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওয়েসিতে শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে ৪ হাজার ৩০০ জনের বেশি প্রাণহানি ঘটে। এর আগে ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট ভয়াবহ সুনামিতে কয়েক লাখ মানুষ নিহত হন, যার কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: