ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera।
প্রতিবেদন অনুযায়ী, নতুন দফার এসব হামলায় কয়েক শ’ মানুষ হতাহত হয়েছেন। হামলার কিছু লক্ষ্যবস্তু এমন এলাকাতেও ছিল, যেগুলোকে সাধারণত Hezbollah-সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করা হয় না।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, বৈরুতসহ বিভিন্ন স্থানে হামলার পর হাসপাতালগুলোতে নিহত ও আহতদের ঢল নেমেছে, যা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে।
এদিকে Lebanese Red Cross জানায়, তাদের প্রায় ১০০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আহতদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের এই হামলা তাদের ‘মানবিক মূল্যবোধ উপেক্ষার কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন অধ্যায় যোগ করেছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি বারবার অবজ্ঞা দেখিয়ে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা চালানো হয়। তেহরানের দাবি, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। তবে তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অন্যদিকে, ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, কোনও ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: