ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করছে না তেহরান। তবে একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে প্রস্তুত রয়েছে দেশটি।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মেহের নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত এক টেলিভিশন ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখে না এবং যেকোনো মুহূর্তে পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াতে পারে। তবুও তেহরান আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
গালিবাফ বলেন, “আমরা আলোচনা করছি, তবে প্রয়োজনীয় পদক্ষেপের জন্যও প্রস্তুত আছি।” তিনি আরও বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান এবং ভবিষ্যতের যেকোনো সংঘর্ষ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতারণার কারণে বর্তমান উত্তেজনার সূচনা হয়েছে।
এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করে, তাদের নৌবাহিনী ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক ও অচল করেছে। এরপরই এমন কঠোর প্রতিক্রিয়া জানায় তেহরান।
ইরানের খাতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টার্সও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, জাহাজটি হামলার শিকার হয়েছে।
এ ঘটনাকে ‘সামুদ্রিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে তেহরান। পাশাপাশি দ্রুত এর জবাবে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: