তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির মধ্যে পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী Lori Chavez-DeRemer। তার বিদায়ের মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান ঘটেছে।
এর আগে স্বল্প সময়ের ব্যবধানে ট্রাম্প প্রশাসন থেকে Kristi Noem ও অ্যাটর্নি জেনারেল Pam Bondi-কেও সরিয়ে দেওয়া হয়। ফলে সাম্প্রতিক সময়ে Donald Trump-এর মন্ত্রিসভায় নারীদের আসা-যাওয়ার প্রবণতা বেড়েছে বলে আলোচনা চলছে।
নিজের এক্স পোস্টে লরি বলেন, প্রশাসনে তার দায়িত্ব শেষ হলেও আমেরিকান শ্রমিকদের জন্য লড়াই বন্ধ করবেন না। তিনি জানান, এখন তিনি বেসরকারি খাতে ফিরে যাবেন।
সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি, তার সহযোগী ও পরিবারের সদস্যরা নিয়মিতভাবে তরুণ কর্মীদের কাছে ব্যক্তিগত বার্তা ও অনুরোধ পাঠাতেন। এর জেরেই তার পদত্যাগের দাবি ওঠে।
গত সপ্তাহে The New York Times এক প্রতিবেদনে জানায়, বিভাগীয় সফরে কর্মীদের কাছে ওয়াইন আনার অনুরোধ জানিয়ে তিনি ও তার সাবেক ডেপুটি চিফ অব স্টাফ টেক্সট বার্তা পাঠাতেন। এছাড়া তার স্বামী ও বাবাও তরুণ নারী কর্মীদের সঙ্গে বার্তা বিনিময় করতেন। কিছু ক্ষেত্রে শ্রমমন্ত্রী নিজেই কর্মীদের ওই ব্যক্তিদের প্রতি মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসব বার্তা তার নেতৃত্ব নিয়ে তদন্তের অংশ হিসেবে সংগ্রহ করা হয়। কর্মক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। অনেক কর্মী তাকে বিভাগের কাজ থেকে বিচ্ছিন্ন বলে বর্ণনা করেছেন।
তদন্তের ফল হিসেবে তার টিমের চার সদস্যকে পদ থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তাদের মধ্যে রয়েছেন সাবেক চিফ অব স্টাফ, ডেপুটি চিফ অব স্টাফ, অ্যাডভান্স ডিরেক্টর এবং নিরাপত্তা দলের এক সদস্য, যার সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ ছিল।
এছাড়া তিনজন কর্মী বৈরী কর্মপরিবেশের অভিযোগ তুলে নাগরিক অধিকার সংক্রান্ত মামলা দায়ের করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়।
অন্যদিকে, তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দুজন তরুণ নারী কর্মী অভিযোগ করেছেন, গত বছরের শেষ দিকে শ্রম দপ্তরের কার্যালয়ে কাজ করার সময় তিনি তাদের অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শ করেছিলেন।
পদত্যাগের ঘোষণায় স্বামী ও বাবাকে ঘিরে ওঠা বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি লরি। তবে এসব অভিযোগে তার ব্যক্তিগতভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
জানা গেছে, লরির ডেপুটি Keith Sonderling এখন থেকে ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে স্থায়ীভাবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: Agence France-Presse
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: