[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪১

ফাইল ছবি

ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ২১ এপ্রিল থেকে ইরানের আকাশপথ আংশিকভাবে চালু হয়েছে। ফলে মার্কিন নাগরিকদের এখনই ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দেশত্যাগে আগ্রহীদের ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে এবং সর্বশেষ পরিস্থিতি জানতে স্থানীয় গণমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।

যারা আকাশপথে যেতে পারবেন না, তাদের জন্য স্থল সীমান্ত ব্যবহার করে আর্মেনিয়া, তুরস্ক ও তুর্কমেনিস্তানে যাওয়ার বিকল্প পথের কথাও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তবে আফগানিস্তান, ইরাক এবং পাকিস্তান-ইরান সীমান্ত এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানি কর্তৃপক্ষ মার্কিন নাগরিকদের দেশত্যাগে বাধা দিতে পারে অথবা তাদের ওপর বহির্গমন শুল্ক আরোপ করতে পারে।

এছাড়া দ্বৈত নাগরিকদের বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ফলে কেউ মার্কিন পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বিভিন্ন অজুহাতে তাকে আটক করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকরা জিজ্ঞাসাবাদ, গ্রেফতার ও আটক হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছেন।

যারা আপাতত দেশ ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, নিজ বাসা বা অন্য কোনো ভবনে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং জানালা থেকে দূরে থাকতে।

সূত্র: আনাদোলু

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর