ওমান উপসাগরে ইরানের কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’ জব্দকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই ছয়জন ইরানি নাবিক মুক্তি পেয়েছেন। তবে এখনো ২২ জন নাবিক যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে তেহরান।
ইরান জানিয়েছে, নাবিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তারা তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ থেকে বিরত থেকে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালায়। এরই অংশ হিসেবে মুক্ত হওয়া ছয়জন নাবিক ইতোমধ্যে দেশে ফিরেছেন।
বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান উপসাগরে জাহাজটি নিয়ন্ত্রণে নেয়। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল এবং এতে মোট ২৮ জন ইরানি নাবিক ছিলেন।
ঘটনাটিকে ‘দস্যুতার শামিল’ বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, নাবিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তেহরান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জাহাজটি একাধিকবার সতর্কবার্তা উপেক্ষা করায় তারা নিয়ন্ত্রণ নিতে বাধ্য হয়েছে।
এদিকে এই ঘটনার পর ইরান ওই অঞ্চলে মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: