[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

গ্রিসের সংবিধানে যুক্ত হচ্ছে এআই বিষয়ক ধারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১৫:৩৯

ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দ্রুত বিস্তার ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংবিধানে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ গ্রিস। দেশটির লক্ষ্য, প্রযুক্তি যেন কখনোই মানবতাকে ছাপিয়ে না যায় এবং তা মানুষের স্বাধীনতা ও সামাজিক কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সংশোধনীগুলোর মাধ্যমে এআই ব্যবহারে সাংবিধানিক সুরক্ষার ব্যবস্থা রাখা হবে। বৃহস্পতিবার এসব প্রস্তাব উপস্থাপন করেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।

তিনি বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ সংকট ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, এআইকে অবশ্যই ব্যক্তির স্বাধীনতা ও সমাজের উন্নয়নের সেবায় নিয়োজিত থাকতে হবে। পাশাপাশি এর ঝুঁকি নিয়ন্ত্রণ ও সুবিধা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে ডাকযোগে ভোটদানের সুযোগ বাড়ানো, বাধ্যতামূলক শিক্ষা ৯ বছর থেকে বাড়িয়ে ১১ বছর করা এবং অতীতকাল থেকে কার্যকর কর আরোপ (ভূতাপেক্ষ কর) নিষিদ্ধ করা।

সংবিধান সংশোধনের এই প্রক্রিয়ায় একাধিক সংসদে ধারাবাহিক ভোটের প্রয়োজন হয় এবং সাধারণত রাজনৈতিক সমর্থনও জরুরি।

আর্থিক সংকট কাটিয়ে ওঠার পর গ্রিস সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি ও এআই গ্রহণে আগ্রহী হয়ে উঠেছে। ইতোমধ্যে সীমান্ত নজরদারি, কর প্রশাসন এবং সরকারি সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে দেশটি।

সরকার সম্প্রতি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনাও ঘোষণা করেছে।

বিশেষজ্ঞদের মতে, এআইকে গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষায় রাখার বিষয়টি এখন সাংবিধানিকভাবে নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে, কারণ বড় প্রযুক্তি কোম্পানিগুলোর হাতে বিপুল তথ্য ও ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে।

সরকারি আইনপ্রণেতা এভরিপিডিস স্টাইলিয়ানিডিস জানিয়েছেন, এসব পরিবর্তন এআই ব্যবহারে দীর্ঘমেয়াদী সুরক্ষাকবচ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ সমাজকে নিরাপদ রাখতে সাহায্য করবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর