ইরান যুদ্ধ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধ শুরুই হওয়া উচিত ছিল না এবং এটি আর চলতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দ্রুত কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বেইজিং।
বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং পুনরায় তা চালু করারও কোনো প্রয়োজন নেই।”
তিনি বলেন, দ্রুত সমাধান হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, বরং পুরো অঞ্চল ও বিশ্বের জন্যই ইতিবাচক হবে।
চীনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান যুদ্ধবিরতির ফলে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অনুযায়ী গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দ্রুত খুলে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করে বেইজিং।
বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ রুট সচল থাকলে বৈশ্বিক বাণিজ্য, শিল্প উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে উল্লেখ করেন মুখপাত্র।
এ ছাড়া বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিশ্ব রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা করেছেন এবং কিছু নতুন বোঝাপড়ায় পৌঁছেছেন বলে জানানো হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিং ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে উভয় নেতা একমত হয়েছেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
বিশ্লেষকদের মতে, চীনের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথ আরও সুগম করতে পারে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: