[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রেমিকের সঙ্গে নতুন জীবন গড়তে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৪৮

সংগৃহিত ছবি

ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনায় বাবার বাড়িতেই কোটি টাকার ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসি এবং তাদের আরও তিন সহযোগী।

পুলিশ জানায়, গত ১১ মে ভোরে মুরাদাবাদের পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ রুপি নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার সময় তারা বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।

ঘটনার সময় বাড়িতে ব্যবসায়ী ইমরান, তার স্ত্রী সীমা, দুই ছেলে ও দুই মেয়ে উপস্থিত ছিলেন। ঘটনার পর পুলিশ তদন্তে নামে এবং রহস্য উদ্ঘাটনে চারটি বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তে উঠে আসে, ইমরানের মেয়ে আরিবা দীর্ঘ সাত-আট বছর ধরে আমরাহ জেলার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে ভিন্ন জাতের হওয়ায় পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এরপর প্রেমিকের সঙ্গে পালিয়ে নতুন জীবন শুরু করতে বাড়ির টাকা লুটের পরিকল্পনা করেন তারা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আরিবা প্রেমিককে বাড়িতে থাকা টাকার তথ্য দেন। এমনকি ঘটনার এক মাস আগে বাড়ির প্রধান ফটকের চাবিও সরবরাহ করেন। ডাকাতির রাতে তিনি ভেতর থেকে ডিজিটাল লক খুলে দেন, যাতে ডাকাতরা সহজে প্রবেশ করতে পারে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ অর্থ, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি লুট হওয়া বাকি টাকা ও অলঙ্কার উদ্ধারে অভিযান চলছে। পরে গ্রেফতার হওয়া পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর