[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:০৫

ফাইল ছবি

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের এক হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী বিশ্বের ২৫টি দেশের ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে বাংলাদেশ পুলিশের আটজন নারী সদস্যসহ ৩৭ জন কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে কর্মরত রয়েছেন। এছাড়া ২০০০ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা নিয়মিতভাবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালনের মাধ্যমে তারা স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং আফ্রিকা ও ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা।

এদিকে, হাইতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দীর্ঘ প্রায় চার দশক ধরে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রতি বছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। তবে এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন পালন করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর