[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩

ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৯:২১

সংগৃহিত ছবি

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটিতে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভেনেজুয়েলার ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে এলাকায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৫।

ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ। সংস্থাটি আরও জানিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের কম্পন রাজধানী কারাকাসেও অনুভূত হয়েছে। সেখানে একাধিক ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলার তদারকির জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভাষণে ডেলসি রদ্রিগেজ দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি, ভূমিকম্পে যাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

উল্লেখ্য, জানুয়ারিতে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দেশ পরিচালনা করে আসছেন।

সূত্র: বিবিসি বাংলা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর