[email protected] বৃহঃস্পতিবার, ২ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

'ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয়'-রাশিদা তালিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ১০:৩৭

ফাইল ছবি

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। একই সময়ে লেবাননে নিজেদের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব জানিয়েছেন, ইসরায়েলকে ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবিত একটি বিলে তিনি সমর্থন দেবেন। চলতি সপ্তাহেই বিলটি কংগ্রেসে ভোটের জন্য তোলা হবে।

রাশিদা তালিব বলেন, "ফিলিস্তিনে গণহত্যা চালানো একটি বাহিনীকে আমরা আর এক পয়সাও দেব না।" তার দাবি, অধিকাংশ মার্কিন নাগরিকও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরসহ আরও কয়েকজন আইনপ্রণেতা বিলটির প্রতি সমর্থন জানিয়েছেন। বিলটি উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি, যিনি দীর্ঘদিন ধরে বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার বিরোধিতা করে আসছেন।

অন্যদিকে, গত মঙ্গলবার লেবাননের নিরাপত্তা অঞ্চলে মোতায়েন ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা।

সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে। তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে হামলার মাধ্যমে ইসরায়েল একটি বড় নিরাপত্তা হুমকি মোকাবিলা করেছে।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সামরিক সহায়তা নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন তীব্র হচ্ছে, ঠিক সেই সময় লেবাননে সামরিক অবস্থান অব্যাহত রাখার নেতানিয়াহুর ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর