[email protected] বৃহঃস্পতিবার, ২ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ নয়, 'পূর্ণ বিজয়' না আসা পর্যন্ত চলবে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ১১:৪২

ফাইল ছবি

ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, ‘পূর্ণ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং মধ্যপ্রাচ্যের বাস্তবতায় নিরাপদ থাকতে হলে ইসরায়েলকে সব সময় শক্তিশালী থাকতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) হিব্রু ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে সামরিক শক্তিই সবচেয়ে বড় ভরসা। তিনি দাবি করেন, ইসরায়েল এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী এবং দেশের বিরুদ্ধে থাকা বিভিন্ন হুমকি অনেকটাই দুর্বল করে দেওয়া হয়েছে।

তবে তিনি জানান, অভিযান এখনো শেষ হয়নি। তার ভাষায়, ‘ইরানি অক্ষের যা অবশিষ্ট আছে, তারও ব্যবস্থা করা হবে।’

সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, গত তিন বছরে ইসরায়েল হামাস, হিজবুল্লাহ এবং ইরানের শীর্ষ পর্যায়ের বহু নেতাকে হত্যা করেছে। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা বাফার জোন গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি পরোক্ষভাবে স্বীকার করেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে শুরুতে ঘোষিত সব লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস এবং দেশটিতে শাসন পরিবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি করার মতো উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন সম্পূর্ণ সম্ভব হয়নি।

এর আগেও নেতানিয়াহু একাধিকবার বলেছেন, বহু শত্রু পরিবেষ্টিত অঞ্চলে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলকে শক্তিশালী সামরিক সক্ষমতার ওপর নির্ভর করেই এগিয়ে যেতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর