[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

খামেনির শেষ বিদায়ের মধ্যেই হরমুজে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১২:১৫

সংগৃহিত ছবি

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-কে দায়ী করেছেন দুই মার্কিন কর্মকর্তা।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, সোমবার (৬ জুলাই) দিনগত রাতে হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় জাহাজ দুটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমানের লিমা উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে গেলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এক অডিও রেকর্ডিংয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিও বার্তার মাধ্যমে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করেছিল। বার্তায় বলা হয়, নির্দেশনা অমান্য করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হতে পারে।

হামলার শিকার হওয়া জাহাজগুলোর একটি হলো কাতারের শীর্ষস্থানীয় শিপিং ও মেরিটাইম কোম্পানি নাকিলাত পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী ট্যাংকার আল রেকায়াত। ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থানকালে জাহাজটির বাম পাশে, ইঞ্জিন রুমের ওপরের অংশে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হামলার পর ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে অবস্থান নিয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর