[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

শীর্ষ ১৫-এর কোনো দলের মুখোমুখি না হয়েই ফাইনালের পথে আর্জেন্টিনা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ২০:১৯

ফাইল ছবি

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে ফাইনালে ওঠার পথে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর কোনো দলের মুখোমুখি নাও হতে পারে। সম্ভাব্য এই সমীকরণ সামনে আসার পর ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া (র‌্যাঙ্কিং ৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডান (৬৩)। এরপর নকআউট পর্বে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যাদের বর্তমান ফিফা র‌্যাঙ্কিং ১৯। অন্যদিকে, সেমিফাইনালে নরওয়ে যদি ইংল্যান্ডকে বিদায় করে এবং আর্জেন্টিনাও নিজেদের ম্যাচ জিতে নেয়, তাহলে শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে ৩০তম স্থানে থাকা নরওয়ে।

এই সমীকরণ বাস্তব হলে ফাইনালে ওঠার আগে পর্যন্ত আর্জেন্টিনাকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর কোনো দলের বিপক্ষে খেলতে হবে না। বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একপক্ষের দাবি, এটি টুর্নামেন্টের ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক ফল। অন্যদিকে, সমালোচকদের প্রশ্ন—সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সহজ পথ পেয়েই কি ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা?

তবে মাঠের বাস্তবতা ভিন্ন চিত্রও তুলে ধরছে। র‌্যাঙ্কিং কম হলেও নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ম্যাচেই তার প্রমাণ মিলেছে। একসময় ২-০ গোলে পিছিয়ে পড়ার পর নাটকীয় প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র‌্যাঙ্কিং প্রায় ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ ফাইনালের পথে এখন পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলের মুখোমুখিও হয়নি দলটি।

এখন নজর কোয়ার্টার ফাইনালের দিকে। সুইজারল্যান্ড এবং সম্ভাব্য সেমিফাইনালের বাধা পেরিয়ে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে ‘সহজ পথ’ নিয়ে চলমান বিতর্ক আরও তীব্র হতে পারে। তবে শেষ পর্যন্ত এই বিতর্কের জবাব মাঠের পারফরম্যান্সই দেবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর