কুয়েতে মার্কিন সেনাদের ব্যবহৃত আলী আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে সংঘাতের পক্ষগুলোকে রাজনৈতিক আলোচনায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে মিসর ও ওমান।
বুধবার (১৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কুয়েতি সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলা করছে। তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি কিংবা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তখন কোনো তথ্য জানানো হয়নি।
আলী আল সালেম বিমানঘাঁটি কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যা মার্কিন সেনাবাহিনীও ব্যবহার করে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে মিসর ও ওমান। এ লক্ষ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি ও সাইয়্যিদ বদর আলবুসাইদির মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা, উত্তেজনা প্রশমনের উপায় এবং সংঘাতের পক্ষগুলোকে রাজনৈতিক আলোচনায় ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।
এ সময় তারা এমন কিছু প্রস্তাব তৈরির বিষয়েও কথা বলেন, যার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো রাজনৈতিক সমাধানের পথে ফিরতে পারে। দুই পররাষ্ট্রমন্ত্রীর মতে, সামরিক পদক্ষেপের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সমন্বয় অব্যাহত রাখতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: