[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে রিট, শুনানি সোমবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

ফাইল ছবি

দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামীকাল সোমবার (২০ এপ্রিল) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

এর আগে দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। একই সঙ্গে হামের কারণে সম্প্রতি ৪৭ শিশুমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়।

গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। এর আগে ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া ওই নোটিশ পাঠান। নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

নোটিশে বলা হয়, টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এছাড়া অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

এছাড়া একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ শীর্ষক প্রতিবেদনও নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়েরের কথা বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে রিট আবেদন করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর