[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

মামলা ছাড়া গ্রেফতার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯

ফাইল ছবি

সুনির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে তিনি বলেন, আপিল বিভাগের আদেশের ফলে ফৌজদারি অভিযোগে কোনো ব্যক্তির নাম এজাহারে না থাকলেও তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করতে পারবেন।

এর আগে কয়েকজন ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়ে বলেছিলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।

একই সঙ্গে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার গ্রেফতার দেখানো এবং শুধু হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানো কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়।

পরে হাইকোর্টের এসব আদেশের বিরুদ্ধে পৃথক আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর