[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের গবেষণা

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৮:০৬

সংগৃহীত ছবি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামি মিলার স্কুল অব মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, বিবাহিতদের তুলনায় অবিবাহিত ব্যক্তিদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রায় ৪০ লাখ ক্যানসার রোগীর তথ্য বিশ্লেষণ করে পরিচালিত এই গবেষণাটি চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গবেষণায় প্রায় সব ধরনের ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের ঝুঁকি তুলনামূলক বেশি পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, বিবাহিত পুরুষদের তুলনায় অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ বেশি। অন্যদিকে নারীদের ক্ষেত্রে এই ব্যবধান আরও বেশি—অবিবাহিত নারীদের ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিয়ে সরাসরি ক্যানসার প্রতিরোধ করে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং সামাজিক ও আচরণগত বিভিন্ন কারণ এ ক্ষেত্রে ভূমিকা রাখে।

বিবাহিত ব্যক্তিরা সাধারণত পরিবারের তাগিদে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন, ফলে রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়া পারিবারিক সহায়তার কারণে তারা নিয়মিত চিকিৎসা গ্রহণ ও ওষুধ সেবনে বেশি সচেতন থাকেন।

অন্যদিকে অবিবাহিতদের মধ্যে ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ওজন বৃদ্ধির প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণাটি ‘ক্যানসার রিসার্চ কমিউনিকেশনস’ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সামাজিক একাকিত্ব ও অনিয়মিত জীবনযাপন দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

তবে গবেষকরা জানিয়েছেন, এ ফলাফলকে চূড়ান্ত হিসেবে ধরা যাবে না। সামাজিক অবস্থান কীভাবে শরীরের কোষীয় স্তরে প্রভাব ফেলে, তা নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর