সকালের খাবার আমাদের সারাদিনের শারীরিক ও মানসিক কর্মক্ষমতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
দীর্ঘ সময় খালি পেটে থাকার পর এমন খাবার খাওয়া উচিত, যা শরীরকে সতেজ রাখবে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে কিছু স্বাস্থ্যকর খাবার খেলে শরীর সুস্থ থাকার পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকিও কমে।
নিচে এমন কিছু খাবারের কথা তুলে ধরা হলো, যা সকালে খালি পেটে খাওয়া উপকারী হতে পারে-
খেজুর
খেজুরে রয়েছে প্রচুর ফাইবার ও প্রাকৃতিক শর্করা, যা দ্রুত শরীরে শক্তি জোগায়। এটি হজমশক্তি বাড়াতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে ভূমিকা রাখে। এছাড়া এতে থাকা পটাশিয়াম পেটের বিভিন্ন সমস্যাও নিয়ন্ত্রণে সাহায্য করে।
গরম পানির সঙ্গে মধু
হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে হজম প্রক্রিয়া সক্রিয় হয়। এটি গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি শরীরের ক্লান্তি দূর করতেও মধু কার্যকর।
পেঁপে
পেঁপে একটি সহজলভ্য ও পুষ্টিকর ফল। এতে রয়েছে ভিটামিন এ, সি, কে, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। সকালে খালি পেটে পেঁপে খেলে হজম ভালো হয় এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। কম ক্যালরিযুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণেও উপকারী।
তরমুজ
পানিসমৃদ্ধ ফল হওয়ায় তরমুজ শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে থাকা লাইকোপিন হৃদ্যন্ত্র ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। সকালে তরমুজ খেলে শরীর সতেজ থাকে এবং পানির ঘাটতি পূরণ হয়।
বাদাম
সকালে অল্প পরিমাণ বাদাম খাওয়া শরীরের জন্য উপকারী। এটি হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এবং শরীরকে দীর্ঘ সময় কর্মক্ষম রাখে। বিশেষ করে ভেজানো বাদামে পুষ্টিগুণ আরও বেশি কার্যকরভাবে পাওয়া যায়।
ভেজানো কাঠবাদাম
রাতে পানিতে ভিজিয়ে রাখা কাঠবাদামে থাকে ভিটামিন ই, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা ফ্যাটি অ্যাসিড। সকালে খালি পেটে এগুলো খেলে মস্তিষ্ক ও হৃদ্স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যায়।
ডিম
ডিম প্রোটিনসমৃদ্ধ একটি আদর্শ খাবার। সকালে একটি সেদ্ধ ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শরীর প্রয়োজনীয় শক্তি পায়। এটি পেশি গঠনে ও শরীরের পুষ্টি চাহিদা পূরণে কার্যকর।
আমলকির জুস
আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। সকালে খালি পেটে আমলকির জুস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। এটি ত্বক, চুল ও চোখের জন্যও উপকারী বলে মনে করা হয়। তবে আমলকির জুস খাওয়ার পর কিছু সময় চা বা কফি না খাওয়াই ভালো।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সকালে সঠিক খাবার নির্বাচন করলে শরীর ভালো থাকে এবং সারাদিনের কাজের শক্তি পাওয়া যায়। তবে যাদের বিশেষ শারীরিক সমস্যা বা খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস গড়ে তোলা উচিত।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: