[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেন কিছু নারী বিবাহিত পুরুষদের পছন্দ করেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১৭:৫৫

ফাইল ছবি

মানুষের সম্পর্কের জগৎ জটিল ও বহুমাত্রিক। আকর্ষণ শুধু সৌন্দর্য বা ব্যক্তিত্বের ওপর নির্ভর করে না, বরং এতে কাজ করে মানসিক নিরাপত্তা, সামাজিক সংকেত ও ব্যক্তিগত অভিজ্ঞতাও। সম্প্রতি এমনই একটি গবেষণাভিত্তিক আলোচনায় উঠে এসেছে, কিছু নারী বিবাহিত বা আগে থেকেই সম্পর্কে থাকা পুরুষদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করতে পারেন।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী Journal of Human Nature-এ প্রকাশিত এক তত্ত্বভিত্তিক আলোচনায় এ প্রবণতাকে বলা হয়েছে ‘মেইট চয়েস কপিং’ বা ‘সঙ্গী নির্ণয়ের অনুকরণ’।

গবেষকদের মতে, অনেক সময় মানুষ অন্যের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সূত্র হিসেবে ব্যবহার করে। সম্পর্কের ক্ষেত্রেও একই বিষয় দেখা যায়। একজন নারী যখন দেখেন অন্য কেউ কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তখন অবচেতনভাবে সেই পুরুষকে যোগ্য, নির্ভরযোগ্য বা নিরাপদ মনে হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, বিবাহিত পুরুষদের অনেক নারী দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে দেখেন। কারণ তারা অন্তত একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছেন। সম্পর্ক টিকিয়ে রাখার সক্ষমতা, দায়িত্ববোধ ও স্থিরতা অনেকের কাছে আকর্ষণের কারণ হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা আরও বলেন, বিবাহিত পুরুষদের মধ্যে অনেক সময় পরিণত মানসিকতার ছাপ দেখা যায়। সম্পর্ক, পারিবারিক দায়িত্ব ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা তাদের আচরণে স্থিরতা তৈরি করতে পারে, যা কিছু নারীর কাছে ইতিবাচক মনে হয়।

এছাড়া মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের মধ্যে ‘নিষিদ্ধ বিষয়’ নিয়ে স্বাভাবিক কৌতূহলও কাজ করে। কোনো কিছু ঝুঁকিপূর্ণ বা কঠিন মনে হলে তার প্রতি আগ্রহ বাড়তে পারে। তবে আকর্ষণ অনুভব করা আর বাস্তবে সম্পর্কে জড়ানো এক বিষয় নয় বলেও সতর্ক করেছেন গবেষকেরা।

তারা জানান, বাস্তব জীবনে অধিকাংশ মানুষই দীর্ঘমেয়াদি সম্পর্কে নিরাপত্তা, স্থিতি ও মানসিক স্বস্তিকে বেশি গুরুত্ব দেন। তাই গবেষণায় আকর্ষণের প্রবণতার কথা বলা হলেও, এটি সব নারী বা সব পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বিশেষজ্ঞদের ভাষ্য, মানুষের সম্পর্ক শুধু জীববিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। সংস্কৃতি, নৈতিকতা, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক পরিবেশও সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তাই বিবাহিত পুরুষদের প্রতি আকর্ষণের বিষয়টিকে একক সত্য হিসেবে দেখার সুযোগ নেই।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর