[email protected] শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

বিশ্ব হাসি দিবস আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১৫:২১

ফাইল ছবি

শৈশবের সুকুমার রায়ের মজার ছড়া থেকে শুরু করে প্রিয়জনের একটুখানি হাসি—জীবনের আনন্দের অন্যতম অনুষঙ্গ হাসি। ব্যস্ততা, দুশ্চিন্তা ও নানা চাপের মাঝেও একটুখানি হাসি মনকে করে তুলতে পারে প্রফুল্ল। হাসির এই গুরুত্ব স্মরণ করিয়ে দিতে প্রতিবছর অক্টোবরের প্রথম শুক্রবার পালিত হয় বিশ্ব হাসি দিবস। সে হিসেবে আজ শুক্রবার (২ অক্টোবর) পালিত হচ্ছে দিবসটি।

হর্ষোল্লাস ও ভালো কাজের মাধ্যমে মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়। দিনটি উপলক্ষে অন্যের মুখে হাসি ফোটানোর পাশাপাশি নিজের মুখেও হাসি রাখার আহ্বান জানানো হয়।

বিশ্ব হাসি দিবসে প্রিয়জন, বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দের সময় কাটানো যেতে পারে। কোনো মজার কৌতুক বলা, পুরোনো কোনো হাসির ঘটনা মনে করে একসঙ্গে হাসা কিংবা স্রেফ হাসিমুখে কথা বলার মাধ্যমেও দিনটি উদযাপন করা সম্ভব।

‘রামগরুর ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে, হাসব না-না, না-না’—সুকুমার রায়ের জনপ্রিয় এই ছড়ার মতো গোমড়ামুখো না থেকে আজ মন খুলে হাসার দিন। কারণ হাসির সময় শরীরে এন্ডোরফিন নামের নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়, যা আনন্দ ও ভালো লাগার অনুভূতি তৈরি করতে ভূমিকা রাখে।

বিশ্ব হাসি দিবসের সঙ্গে হলুদ রঙেরও একটি প্রতীকী সম্পর্ক রয়েছে। হলুদকে সাধারণত প্রফুল্লতা ও আনন্দের প্রতীক হিসেবে দেখা হয়। তাই হাসিমুখের প্রতীক হিসেবেও হলুদ রঙের ব্যবহার জনপ্রিয়।

দিবসটির সঙ্গে জড়িয়ে আছে আমেরিকান শিল্পী হার্ভি বলের নাম। তিনিই হাসিমুখের প্রতীক বা ‘স্মাইলি’কে জনপ্রিয় করে তুলেছিলেন। ১৯৯৯ সালে বিশ্ব হাসি দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। এর লক্ষ্য ছিল জাতি, লিঙ্গ কিংবা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে মানুষের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া।

হার্ভি বল ২০০১ সালে মারা গেলেও তাঁর উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করছে হার্ভি বল ওয়ার্ল্ড স্মাইল ফাউন্ডেশন। প্রতি বছর প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং অন্যের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার বার্তা নিয়ে বিশ্ব হাসি দিবস পালন করে।

তাই ব্যস্ততা ও নানা চাপের মধ্যেও আজ অন্তত কিছুটা সময় হাসি-আনন্দে কাটানো যেতে পারে। নিজের পাশাপাশি অন্যের মুখেও হাসি ফোটানোই হতে পারে বিশ্ব হাসি দিবস উদযাপনের সবচেয়ে সুন্দর উপায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর