[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

সাংবাদিকদের কার্ড–স্টিকার জটিলতায় ইউটার্ন, ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত ইসি’র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:২০

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে অনলাইন আবেদন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাংবাদিকদের কার্ড ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া খুব শিগগিরই জানানো হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা এখনো আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।

এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। তবে আবেদন প্রক্রিয়া জটিল ও ব্যবহারবান্ধব নয়—এমন অভিযোগ ওঠে সাংবাদিক মহল থেকে। এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিকে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল প্রক্রিয়ায় কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর