স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যত ধরনের অপপ্রচারই চলুক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি জানান, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচনের সময় কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
নির্বাচনে যুক্ত হওয়া নতুন প্রযুক্তি ও ব্যবস্থাপনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার যেসব টেকনিক্যাল ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে ভোটগ্রহণ আরও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: