[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত আমিরকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৫

সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় শফিকুর রহমান-কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, নির্বাচনি প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযমী ও দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বপালনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে দেশ নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি। এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে সরকার ও বিরোধী দল—উভয়ের দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, জামায়াত আমিরের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ প্রদান, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা।

জাতীয় ঐক্য সুসংহত করতে অতীতে জামায়াত আমির যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতীয় ঐক্যই দেশের শক্তি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

সবশেষে, প্রধান উপদেষ্টা মহান আল্লাহ তাআলার কাছে জামায়াত আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর