তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্বপ্ন অনুসারে দেশে অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। আগামী মাস থেকেই এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে কার্ডধারীদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এবং দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্যরা এই কার্ডের মালিক হবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসন-এর উদ্যোগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ৫২-এর ভাষা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান তার প্রমাণ। মহান ভাষা দিবসের চেতনা ছিল ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।’ তিনি আরও বলেন, দেশে আর কোনো ভিন্নপন্থায় ক্ষমতা দখল করা যাবে না; নির্বাচনই হবে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি—কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’
তিনি অভিযোগ করে বলেন, একটি গ্রুপ ‘মব’ সৃষ্টি ও প্রশ্রয় দিচ্ছে এবং প্রশাসনের একটি অংশ এতে সায় দিচ্ছে। ‘দেশে আর মবকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না,’ যোগ করেন তিনি।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আন্দোলন কোনো পেশা নয়; পরিস্থিতির কারণে আমরা আন্দোলনে গিয়েছিলাম। সবাইকে সজাগ থাকতে হবে, যেন এমন কোনো কাজ না করি যাতে আমাদের বিরুদ্ধেই আবার আন্দোলন গড়ে ওঠে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: