[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত নেবে সংসদ: ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

সংগৃহিত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মেয়র পদে দলীয় মনোনয়নের বিধানসংক্রান্ত অর্ডিন্যান্সের বিষয়টি এখন সংসদের বিবেচনায় রয়েছে। তার ভাষ্য, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিধানটি বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংসদ অধিবেশন শুরু হলে যদি এ অর্ডিন্যান্স রেটিফাই (অনুমোদন) হয়, তবে সে অনুযায়ী নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে পরিস্থিতিও ভিন্ন হবে। এ ক্ষেত্রে কমিশন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে মেয়র পদে দলীয় প্রতীকের বিধান বহাল থাকবে কি না, তা মূলত সংসদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার বলেন, এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো যাদের মনোনীত করবে, বিধি অনুযায়ী মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন শেষ করবে।

এ ছাড়া স্থগিত থাকা উপনির্বাচনগুলো নিয়েও কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর