[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬

সংগৃহিত ছবি

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদক তুলে দেবেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

এবার ‘একুশে পদক-২০২৬’ পাচ্ছেন দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী—
অভিনয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা আক্তার ববিতা।
চারুকলায় মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।
স্থাপত্যে স্বীকৃতি পেয়েছেন মেরিনা তাবাসসুম।
সংগীতে (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন আইয়ুব বাচ্চু।
নৃত্যে স্বীকৃতি পাচ্ছেন অর্থী আহমেদ।
পালাগানে সম্মানিত হচ্ছেন ইসলাম উদ্দিন পালাকার।
সাংবাদিকতায় নির্বাচিত হয়েছেন শফিক রেহমান।
শিক্ষাক্ষেত্রে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার।
ভাস্কর্যে স্বীকৃতি পাচ্ছেন তেজস হালদার জস।

এ ছাড়া সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে একুশে পদকে ভূষিত করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর