তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের সঠিক সংযুক্তি এখনও সম্ভব হয়নি। আমাদের তথ্য মন্ত্রণালয় যে সময়ে গড়ে উঠেছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমানে যে ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে, তার সঙ্গে খাপ খাওয়ানো এখনো সম্পূর্ণ হয়নি।”
তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের নীতিনির্ধারণী সকলের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং অন্যান্য সরকারি কর্মকর্তা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: