সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন খাতে কোনো ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “পরিবহন সেক্টরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—ঈদে ভাড়া বাড়বে না। যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয় বা সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হয়, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকার আশা করছে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে।
শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকেও করণীয় নির্ধারণ করে দ্রুত ব্যবস্থা নেবে।
এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: