রাজনৈতিক সমঝোতার স্মারক ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি সম্মান জানিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার প্রস্তাব দিয়েছে সরকার।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে সরকার একটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে বাস্তবায়ন করতে চায়। সেই সদিচ্ছা থেকেই প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সরাসরি সাক্ষাতের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের মধ্য থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করেন। সরকারের পরিকল্পনা হলো, স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকারও নির্বাচিত করা।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় রীতি অনুযায়ী সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদই নিজেদের দখলে রাখতে পারত। তবে জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি রক্ষা এবং রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের অংশ হিসেবেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উচ্চকক্ষ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনো আলাপ-আলোচনা চলছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: